বগুড়ায় নবান্ন উৎসব পালিত
হেমন্তের সোনালি রোদ আর নতুন ধানের ঘ্রাণে মুখরিত পরিবেশে বগুড়ায় উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ‘নবান্ন উৎসব-১৪৩৩’।সোমবার (১৬ নভেম্বর) রাতে রোমেনা আফাজ মুক্তমঞ্চে ‘ধানের কাব্য গানে, নবান্ন আসুক প্রাণে’ স্লোগানে আনন্দঘন এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া শব্দকথন সাহিত্য আসর।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দুই শিশুকে পায়েস, মুড়ি-মুড়কি ও বাতাসা খাইয়ে এবং নতুন ধান প্রতীকীভাবে মাড়াই করে উৎসবের সূচনা করেন। পরে শিশু শিল্পীদের পরিবেশনায় নবান্নের গান ও কবিতা পরিবেশিত হয়।ঐতিহ্যবাহী গ্রামবাংলার সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন করায় শব্দকথন সাহিত্য আসরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন।
আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন গ্রামীণ ঐতিহ্য ধারণ করে তা আরও এগিয়ে নিয়ে যান এবং দেশকে শিল্প-সাহিত্যে সমৃদ্ধ করেন। বগুড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “সাহিত্য-সংস্কৃতি নিয়ে এগিয়ে যান, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাব।”অনুষ্ঠানে বক্তারা বলেন, শহরের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ধান মাড়াই, পিঠা তৈরি এবং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামবাংলার এসব সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি তরুণ প্রজন্মের মধ্যে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু ও সাধারণ সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ।
সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সংগীতশিল্পী আসাদ হোসেন এবং তিরুপতি বালাজি ইমপোর্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমন সিং।এ ছাড়া বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, অধ্যাপক আব্দুর রাজ্জাক, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সভাপতি কবি ফাতেমা ইয়াসমিন, কবি লুবনা জাহান, কবি রওশন রোজী, কবি ও সাংবাদিক মাজেদুর রহমান, অভিনেতা রবিউল করিম হৃদয়, বাচিকশিল্পী প্রীতি দত্ত, কবি সেলিনা সীমা, কবি সর্দার ফাতেমা, মরিয়ম ইসলাম ও কণ্ঠশিল্পী শুক্লা ধরসহ অন্যরা।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।
