বাহরাইনে ইরানের ড্রোন হামলা, ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
বাহরাইনের দিকে ইরানের ছোড়া একাধিক ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক কমান্ড।মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) থেকে ছোড়া একমুখী হামলায় সক্ষম কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এসব ড্রোনের লক্ষ্যবস্তু ছিল বাহরাইন।এর আগে আইআরজিসি দাবি করেছিল, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে তারা। তবে মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ড্রোন হামলায় তাদের কোনো সরঞ্জাম বা সদস্যের ক্ষতি হয়নি।
বাহরাইনও এর আগে জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ধেয়ে আসা ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা থমকে থাকার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াল। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতের প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে অন্যান্য এলাকাতেও পড়েছে।
