Joy Jugantor | online newspaper

রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৫, ৫ নভেম্বর ২০২৬

রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল

রোনালদোর অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। এক বিবৃতিতে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে তারা। একই সঙ্গে যথাযথ সম্মাননা ছাড়া রোনালদোর বিদায় মেনে নেবে না বলেও জানিয়েছে ফেডারেশন।রোনালদোকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, অনুপ্রেরণাদায়ী নেতা উল্লেখ করে এফপিএফ। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’পর্তুগালের জার্সির প্রতি রোনালদোর নিঃশর্ত ভালোবাসার কথাও তুলে ধরেছে ফেডারেশন। তাদের ভাষায়, তার প্রতিটি ঘামের বিন্দু, গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান—সবকিছুতেই ফুটে উঠেছে দেশের প্রতি তার নিবেদন।

বিশ্বমঞ্চে পর্তুগালের নাম উজ্জ্বল করতেও বড় ভূমিকা রেখেছেন তিনি।রোনালদোর বিদায়কে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে এফপিএফ। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই। এমন একটি আয়োজন করতে চাই, যেখানে সমর্থকরা ও পুরো দেশ আরেকবার তাকে অভিবাদন জানাতে ও উদযাপন করতে পারবে।’এ দিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’