কেন বাথরুমে বসে লাঞ্চ করতেন প্রিয়াঙ্কা, নিজেই জানালেন কারণ
বলিউড থেকে হলিউড-দুই অঙ্গনেই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে সফল এই অভিনেত্রীর জীবন আজ অনেকের অনুপ্রেরণার। তবে এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠিন সংগ্রামের গল্প, যা সম্প্রতি আবারও সামনে এনেছেন তিনি নিজেই।মঙ্গলবার (২৮ এপ্রিল) হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কিশোরীবেলার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে। বিশেষ করে বর্ণবিদ্বেষের কারণে বেশ কষ্টের সময় পার করেছেন তিনি।‘
দ্য টুডে শো’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নতুন স্কুলে প্রথম কয়েক সপ্তাহ ছিল তার জন্য অত্যন্ত কঠিন। সহপাঠীদের সঙ্গে মিশতে পারতেন না, এমনকি ক্যাফেটেরিয়ায় বসে খেতেও অস্বস্তি লাগত।প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এতটাই নার্ভাস ছিলাম যে বাথরুমে বসেই দুপুরের খাবার খেতাম। কীভাবে ক্যাফেটেরিয়ায় গিয়ে খাবার নিতে হয়, সেটাও জানতাম না। ভেন্ডিং মেশিন থেকে চিপস কিনে বাথরুমে গিয়ে দ্রুত খেয়ে নিতাম, যাতে অন্যদের সামনে পড়তে না হয়।’তিনি জানান, নিজের গায়ের রঙের জন্য সহপাঠীদের কাছ থেকে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। অনেকেই তাকে ‘ব্রাউনি’ বা ‘কারি’ বলে ডাকত, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল।
