Joy Jugantor | online newspaper

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ১৭ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

বগুড়া-নাটোর মহাসড়কে বেপরোয়া গতির দুই ট্রাকের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। নিহত ওবায়দুল ইসলাম (৩০) বালুবাহী ট্রাকের চালক। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি যশোরের কেশবপুর পরচক্রা গ্রামের আজিবর আলী মোড়লের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাক হেলপার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক মহাসড়ক হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পেছন থেকে আসা আরেকটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে চলছিল।

কুন্দারহাট বাজারে এসে সামনে থাকা চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুই ট্রাকের সংঘর্ষে চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনা কবলিত দুই ট্রাকের সামনে ও পেছনে দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করে। ​কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, আহত ট্রাক চালককে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে হাইওয়ে পুলিশ।