Joy Jugantor | online newspaper

যমুনার চরে মরিচের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৩, ১৭ নভেম্বর ২০২৬

যমুনার চরে মরিচের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা

যমুনার চরে মরিচের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা

বগুড়ার সোনাতলার যমুনা নদীর চরাঞ্চলের লাল মরিচের সুনাম রয়েছে দেশজুড়ে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কঠোর পরিশ্রমে মরিচ উৎপাদন করেন এখানকার কৃষকেরা। চলতি মৌসুমে ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা। বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১২ থেকে ১৫ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে লোকসানের আশঙ্কায় দিন কাটছে চাষিদের।শুধু কৃষক নন, মরিচের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরাও। কৃষকদের অভিযোগ, জমি থেকে মরিচ সংগ্রহ, শ্রমিকের মজুরি ও পরিবহনসহ নানা খাতে খরচ বেড়েছে। অথচ বিক্রির সময় সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। ফলে উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে পড়েছে।স্থানীয় মরিচ চাষি ভূট্টা শেখ জানান, গত বছরের তুলনায় এবার অনেক কৃষক বেশি জমিতে মরিচ আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। গত বছর যাঁরা দুই বিঘা জমিতে মরিচ চাষ করেছিলেন, তাঁদের অনেকেই এবার চার বিঘা জমিতে আবাদ করেছেন। এতে বাজারে মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে বলে তাঁর ধারণা।

মরিচ চাষি রোকেয়া বলেন, তাঁর দুই ছেলে মরিচ চাষ করেন। তিনি নিজেও তাঁদের কাজে সহযোগিতা করেন। এক বস্তা মরিচ সংগ্রহের জন্য শ্রমিককে দিতে হয় ১৫০ টাকা। এরপর সেই মরিচ কাচারী বাজারে নিতে বস্তাপ্রতি পরিবহন খরচ পড়ে আরও ১০০ টাকা। সব খরচ হিসাব করে বর্তমান দামে মরিচ বিক্রি করলে লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে।মরিচের বাজারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাইকারি ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, বাজারে দাম কম থাকলে ব্যবসায়ীদেরও লাভের সুযোগ থাকে না। কৃষকের কাছ থেকে মরিচ কেনার পর পরিবহন ও বাজারজাতকরণে বাড়তি খরচ রয়েছে। কিন্তু কম দামে বিক্রি করতে হওয়ায় এসব খরচ বাদ দিয়ে কাঙ্ক্ষিত লাভ করা যাচ্ছে না। কখনো কখনো লোকসানের আশঙ্কাও তৈরি হচ্ছে।এদিকে চলতি মৌসুমে মরিচের দাম নিয়ে হতাশ শাহীনসহ অনেক চাষিই আগামী মৌসুমে মরিচের পরিবর্তে ভুট্টা চাষের কথা ভাবছেন। তাঁদের মতে, মরিচের তুলনায় ভুট্টা আবাদে লাভের সম্ভাবনা বেশি এবং লোকসানের ঝুঁকিও তুলনামূলক কম।কৃষকদের দাবি, উৎপাদিত মরিচের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় ন্যায্য দাম না পেয়ে যমুনার চরাঞ্চলে মরিচ চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক।