নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁর মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় কানিজ ফাতেমা (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হাসানুজ্জামান আশিককে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং চট্টগ্রাম দপ্তরে সৈনিক হিসেবে কর্মরত।আটক হাসানুজ্জামান আশিক উপজেলার বাগাচাড়া গ্রামের মৃত এবাদুল হকের ছেলে। নিহত গৃহবধূর বাবার বাড়িও একই এলাকায়।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্কের পর একই গ্রামের আবুল কালামের মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে হাসানুজ্জামান আশিকের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পান এবং কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখের কথা চিন্তা করে প্রবাসী বাবা আবুল কালাম সংসারের প্রয়োজনীয় আসবাবপত্রসহ বাড়ি সাজিয়ে দেন। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করা হতো বলে অভিযোগ রয়েছে।আশিক কর্মস্থলে যাওয়ার পর স্ত্রীর প্রতি তাঁর অবহেলা ও যোগাযোগ কমে যায়। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন, ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে তাঁর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আশিক।
পরবর্তীতে স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ। এ বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন স্বজনরা।চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক। সোমবার বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ও তাঁর পরিবারের সদস্যরা কানিজকে ঘিরে ধরে মারধর করেন। এতে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর মা রুমি খাতুন বাদী হয়ে হাসানুজ্জামান আশিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রাতেই আশিককে গ্রেপ্তার করা হয়। তাঁকে নৌবাহিনীর দপ্তরে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতের মধ্যেই তাঁকে হস্তান্তর করা হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
