দুপচাঁচিয়ায় উন্মুক্ত লটারিতে ৬০ নারী শ্রমিক নিয়োগ
বগুড়ার দুপচাঁচিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে নারী শ্রমিক নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ লটারি অনুষ্ঠিত হয়।লটারিতে উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ১৫২ জন নারী প্রার্থীর মধ্য থেকে ৬০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া আরও ২৭ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।উন্মুক্ত লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান।
উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নারী প্রার্থীরা।সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করায় নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচিত নারী শ্রমিকেরা প্রকল্পের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন।
