আদমদীঘিতে ৮২ বীর মুক্তিযোদ্ধাকে ৮২ হাজার টাকা চিকিৎসা সহায়তা
নওগাঁর আদমদীঘিতে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য মোট ৮২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের ফান্ড থেকে এ সহায়তা প্রদান করা হয়।আদমদীঘি মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা বীর মুক্তিযোদ্ধাদের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।