Joy Jugantor | online newspaper

বগুড়ায় মুনলাইটের ব্যতিক্রমী মানবিক উদ্যোগে

৬৩ প্রবীণকে ভাতা, ৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ অক্টোবর ২০২৬

৬৩ প্রবীণকে ভাতা, ৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বগুড়ায় মুনলাইটের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ৬৩ প্রবীণকে ভাতা, ৩৩ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

একদিকে জীবনের শেষ প্রান্তে এসে আর্থিক অনিশ্চয়তায় থাকা প্রবীণ মানুষ, অন্যদিকে নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন নিয়ে এগিয়ে চলা শিক্ষার্থী। সমাজের এই দুই শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়ার মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটির উদ্যোগে ৬৩ জন প্রবীণকে আর্থিক ভাতা এবং ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া শহরের শেরপুর রোডে সংগঠনটির প্রধান কার্যালয়ে উইকেয়ার ট্রাস্টের সহযোগিতায় এসব ভাতা ও বৃত্তি বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তারী জাহান। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জান্নাতুল বাকিয়া হক।প্রধান অতিথি মোস্তারী জাহান বলেন, প্রবীণদের কল্যাণে কাজ করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ আরও বেশি উপকৃত হবেন।বিশেষ অতিথি মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রবীণদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম সামাজিক দায়বদ্ধতা পালনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

সভাপতির বক্তব্যে জান্নাতুল বাকিয়া হক বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির মূল অঙ্গীকার। প্রবীণদের সহায়তা এবং শিক্ষার্থীদের পাশে থাকার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বৃত্তি প্রকল্পের সমন্বয়ক মোর্শেদা বেগম আইভি বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সহায়তা শিক্ষার্থীদের মেধার বিকাশ ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য মঞ্জুরুল হক টুটু বলেন, প্রবীণদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতেও কাজ করছে সংগঠনটি। এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য উইকেয়ার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।অনুষ্ঠানে ৬৩ জন প্রবীণের প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা করে মোট ৯৪ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হয়। পাশাপাশি ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে ল্যাব-৮৩ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

‘অসহায় মানুষের পাশে আমরা’—এই স্লোগান ধারণ করে মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। প্রতিবন্ধিতা উত্তরণ ও সমাজসেবায় অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির এ উদ্যোগ প্রবীণদের জীবনে কিছুটা স্বস্তি এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা সংশ্লিষ্টদের।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আবু জাফর। প্রবীণদের মধ্যে বক্তব্য দেন কুহিনুর বেগম এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রাশেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সোমাইয়া জাহান সুচি।