বগুড়ায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ সচেতনতা বৃদ্ধি ও প্রতিকার
নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে বগুড়ায় দিনব্যাপী এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের শেরপুর রোডে অবস্থিত রোচাসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 'বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার সংবেদনশীল ও অর্ন্তভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ' প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন ও একশনএইড বাংলাদেশ এই সভার আয়োজন করে।পেসড -এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম। তিনি বলেন, একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারীর অংশগ্রহণ অপরিহার্য। গণতান্ত্রিক ব্যবস্থায় নারীর সমান ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনী সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তাঞ্জিমা আখতার, শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম লিটন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, শজিমেক ওসিসি কো-অর্ডিনেটর ডা. এম এস জামান (শাজিল), শজিমেক মেডিকেল অফিসার (গাইনি অবস) ডা. রোকেয়া খানম, লাইট হাউজের উপ-পরিচালক ফারুক হোসেন, ব্রাক প্রতিনিধি বাবলি সুরাইয়া, পিইউপি প্রতিনিধি নিলুফা ইয়াসমিনসহ আইনজীবী, রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে নারীরা প্রায়ই নানা ধরনের সহিংসতা, ভয়ভীতি ও সামাজিক চাপের মুখে পড়েন, যা তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাই নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অংশগ্রহণ বাড়াতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় আলোচকবৃন্দ নির্বাচনী সহিংসতা প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। অংশীজনরা দলগত কাজ, উপস্থাপনা, প্রতিশ্রুতি প্রদানসহ সুপারিশ ও কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন। প্রকল্পের বগুড়া জেলার কমিউনিটি ভলেন্টিয়ার রবিউল ইসলামের সহযোগিতায় নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা ও দেশে নারীর প্রতি সহিংসতার বর্তমান পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রকল্পের মাঠ সমন্বয়ক ইশরাত জাহান পপি।
