Joy Jugantor | online newspaper

সোনাতলায় মোবাইল কোর্টে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ২৯ এপ্রিল ২০২৬

সোনাতলায় মোবাইল কোর্টে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

সোনাতলায় মোবাইল কোর্টে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার সোনাতলা উপজেলায় মাননিয়ন্ত্রণবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ‘অদিতী দই ভান্ডার’ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।বুধবার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।অভিযানকালে পৌরসভা রোডের রংধনু মার্কেট এলাকার ‘অদিতী দই ভান্ডার’-এ অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফার্মেন্টেড মিল্কজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা।বিএসটিআই সূত্রে জানানো হয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।