Joy Jugantor | online newspaper

গোবিন্দপুর পোস্ট অফিস চলছে পোস্টমাস্টারের বাড়িতে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ২১ এপ্রিল ২০২৬

গোবিন্দপুর পোস্ট অফিস চলছে পোস্টমাস্টারের বাড়িতে

গোবিন্দপুর পোস্ট অফিস চলছে পোস্টমাস্টারের বাড়িতে

নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন ধরে পোস্টমাস্টারের ব্যক্তিগত বাড়িতেই কার্যক্রম পরিচালিত হচ্ছে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর পোস্ট অফিসের। এতে একদিকে যেমন সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে সরকারি দপ্তরের অবকাঠামোগত সংকট নিয়ে উঠেছে নানা প্রশ্ন।জানা যায়, গোবিন্দপুর পোস্ট অফিসটি ১৯৭৬ সালে আদমদীঘি উপজেলার নশরতপুর পোস্ট অফিসের আঞ্চলিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কার্যক্রম চললেও পরে একটি স্কুল ভবনে স্থানান্তর করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে টিনশেড ভবনের ছাউনি নষ্ট হয়ে বৃষ্টির পানি পড়তে থাকে এবং দেয়াল ভেঙে পড়ে। একপর্যায়ে ভবনটি সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়।

বর্তমানে পরিত্যক্ত সেই ভবনের ভেতরে গবাদিপশুর বিচরণ দেখা যায়।এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পোস্টমাস্টার নিজের বাড়ির একটি কক্ষে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় বাসিন্দা গোলজার ও আব্দুর রশিদ জানান, অস্থায়ী এ ব্যবস্থায় ডাক গ্রহণ-বিতরণ, সঞ্চয়পত্র ও মানি অর্ডারসহ বিভিন্ন সেবা দেওয়া হলেও জায়গার সংকট প্রকট। ব্যক্তিগত বাড়িতে অফিস পরিচালিত হওয়ায় গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।সেবাগ্রহীতাদের দাবি, দ্রুত একটি স্থায়ী সরকারি ভবন নির্মাণ অথবা অন্তত উপযুক্ত ভাড়াকৃত স্থানে পোস্ট অফিসটি স্থানান্তর করা হোক। তাদের মতে, আধুনিক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান এভাবে পরিচালিত হওয়া দুঃখজনক।এ বিষয়ে পোস্টমাস্টার সেকেন্দার আলী মোল্লা বলেন, “ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে অফিস পরিচালনার কথা থাকলেও চেয়ারম্যানের সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে নিজের বাড়িতে অফিস চালাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তারা জায়গা পেলে নতুন ভবনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।”স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, “লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঘর বা জমির ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”বগুড়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, ভবন সংকটের বিষয়টি তাদের জানা রয়েছে। তিনি বলেন, “শুধু এ এলাকাতেই নয়, দেশের বিভিন্ন পোস্ট অফিসেই একই ধরনের সমস্যা রয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।”