মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের
তেহরানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হামলার ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ সতর্কবার্তা দিয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলো এখন সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
জোলফাঘারি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, ব্যাংকগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকার জন্য স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানে রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকের একটি ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে সেপাহ ব্যাংক এবং আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক মেল্লির কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।এদিকে বিবিসি অ্যারাবিক ইরানের সংবাদ চ্যানেল ‘খবর’-এর বরাতে জানিয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেতন বিতরণের প্রস্তুতির অংশ হিসেবে তারা বিশেষ শিফটে কাজ করছিলেন।
