Joy Jugantor | online newspaper

পাবনা ও সিরাজগঞ্জের তরুণ

ডেইরি উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ১৬ মে ২০২৬

ডেইরি উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

পাবনা ও সিরাজগঞ্জের তরুণ ডেইরি উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

“দক্ষ তরুণ, টেকসই ডেইরি” এই স্লোগানকে সামনে রেখে দেশের দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং শিক্ষিত যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্র্যাক ডেইরি। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে পাবনা ও সিরাজগঞ্জ জেলার ২৫ জন নির্বাচিত তরুণ ডেইরি উদ্যোক্তাকে নিয়ে “টেকসই ডেইরি উন্নয়ন” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) সকাল ৯টায় বগুড়ার শেরপুর উপজেলার সাঁথিয়াবাড়ীতে অবস্থিত ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট (BATI) চত্বরে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।কর্মশালায় ডেইরি শিল্পের বর্তমান বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপট, এ খাতের বিদ্যমান সমস্যা, অপার সম্ভাবনা এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা খামারে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার, উন্নত প্রযুক্তির প্রয়োগ এবং খামার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে ডেইরি শিল্প একটি লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা হিসেবে পরিচিতি পাওয়ায় অনেক শিক্ষিত যুবক এ পেশায় আগ্রহী হচ্ছেন। তবে সঠিক কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে অনেকে লোকসানের মুখে পড়ছেন, আবার অনেকেই বড় বিনিয়োগে সাহস পাচ্ছেন না। এসব তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ব্র্যাক ডেইরি সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয়ভার বহন করছে ব্র্যাক ডেইরি। প্রশিক্ষণ শেষে সফলভাবে সম্পন্নকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরির প্রডিউসার সার্ভিস শাখার ম্যানেজার ডা. রিপন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন।প্রশিক্ষণে এক্সটার্নাল রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরকার এবং একই বিভাগের প্রফেসর ড. জসিম উদ্দিন।সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে বেকারত্ব দূর করার পাশাপাশি দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই ব্র্যাক ডেইরির মূল লক্ষ্য। দক্ষ উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করলে দুগ্ধ শিল্পে বিপ্লব ঘটানো সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রশিক্ষণ আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।