Joy Jugantor | online newspaper

আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব: এমপি মনিরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২৯, ১৭ নভেম্বর ২০২৬

আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব: এমপি মনিরুল

আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব: এমপি মনিরুল

সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতির অভিযোগ তুলে তিনি দাবি করেন, তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে সংসদ থেকে পদত্যাগ করবেন। এ সময় সমস্যাগুলো সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী। সংসদে গোমতী নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘পানিসম্পদমন্ত্রী, তরুণ মন্ত্রী, জনপ্রিয় মন্ত্রী, আমাদের এলাকারই মানুষ। উনাকে একটা প্রশ্ন করেছিলাম, গোমতী নদীর দুই পাড়ে চর থেকে মাটি কেটে বন্যা নিয়ন্ত্রণ বাদ দিয়ে পরিবহনের সময় বাঁধের ক্ষতি সাধন করে থাকে।

গোমতী ভেঙে যায়, আত্মচিৎকার হয়। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উত্তর দিয়েছেন।’প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কয় হাজার বছর পরে কোন সময় কেয়ামতের আগে, স্বাধীনতার ৫০ বছরে গোমতীর পাড় ঠিক হয়নি। লাখ লাখ মানুষ বাড়িছাড়া, ঘরছাড়া হয়েছে। গোমতী আমাদের ইতিহাস। গোমতী আমাদের ঐতিহ্য, গোমতী আমাদের দুঃখ। পাকিস্তানে বলত, কুমিল্লার দুঃখ হলো গোমতী। চীনের দুঃখ হলো হোয়াংহো নদী। চীনের হোয়াংহো নদীর সমাধান হয়েছে, গোমতীর সমাধান হয়নি।’

মনিরুল হক চৌধুরী বলেন, ‘এই অঞ্চলের মানুষ ভেবেছিলো, একজন মন্ত্রী হয়েছেন, সমস্যার সমাধান হবে। তিনি যে ধরনের জবাব দিয়েছেন, তাতে মনে হয় একটু দায়সারা। এই জন্য আমি নোটিশটা দিয়েছি। আপনি গ্রহণ করেছেন, আপনার কাছে কৃতজ্ঞ।’বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকার ওই অঞ্চলের মানুষের জন্য দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা সেচ প্রকল্প করেছিলেন। আমাদের মন্ত্রী এনি সাহেব তখন প্রথম মন্ত্রী। তিনি জানেন এই দুঃখটা কোথায়। ত্রিপুরা পাহাড় থেকে ১৩টা নদী দিয়ে বৃষ্টি হলে পরের দিন আমাদের এখানে পানি আসে। এটা যাওয়ার জন্য ডাকাতিয়া থেকে শুরু করে মেঘনা পর্যন্ত সিল হয়ে গেছে। সাইফুর রহমান ব্যক্তিগতভাবে মাঠ পরিদর্শন করেছিলেন। এমনকি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে ২০০ কোটি টাকা দিয়েছেন এটার জন্য। এটা বাস্তবায়িত হওয়ার পর ১৫ বছর কোনো সমস্যা ছিল না। গত সরকারের আমলে সবগুলো নদী ভরাট হয়ে গেছে।’

কুমিল্লার উন্নয়ন ও নদী নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কথা বাড়াব না। কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে, দুঃখের কথা বললে। আজকে সময়টা অন্য সময়। এটা সিরাজগঞ্জ না তো, এটা কুমিল্লা। আগে কুমিল্লা ভাসে, ভারত আর পরে নোয়াখালী- হিসাবটা করেন। তারপরে আছে চিটাগং। এটা নিয়ে বলতে গেলে আরও কথা যাবে।’তিনি আরও বলেন, ‘গোমতী আমাদের ইতিহাস, গোমতী আমাদের সংস্কৃতি। কিন্তু গোমতীকে আমরা জয় করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, স্বাধীনতার ৫০ বছর পরে। গত সরকারের সময় একটা প্রকল্প নিয়েছিল, গোমতী পর্যন্ত নৌবন্দর যাবে। এরপরে বন্ধ হয়ে যায়।’

কুমিল্লা ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে মনিরুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সুযোগ পেয়েছি বলার জন্য। আবারও বলি, আপনি ছাড়া এ দেশে কারও কাছে কথা বলে কোনো লাভ হয় না। আমাকে মাফ করবেন, কেউ অসন্তুষ্ট মনে করবেন না।’ তিনি বলেন, ‘ইপিজেডের বড় মন্ত্রীকে বলছিলাম, ইপিজেড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্পত্তিতে। ৪ হাজার ৭০০ একর সম্পত্তি জনগণের। দ্বিতীয় বৈষম্য এটা বানিয়ে দিয়েছেন। সেই ইপিজেডের যে বর্জ্য, এটা গোমতী ভরাট হয়ে যাওয়ার পরে স্থানীয় খালে দিয়ে দেয়। এটার জন্য বন্ধ করার কথা বলা হয়েছে। ইপিজেড বন্ধ করার নোটিশও দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ১৩টা রিপোর্ট করেছি পরিবেশ অধিদপ্তর থেকে। ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণের অর্ডার দিয়েছে এই পরিবেশ মন্ত্রণালয়। এই মন্ত্রীকে নিয়ে গিয়েছিলাম। পায়ে ধরে বলেছি, বাঁচান মানুষদেরকে। উনিও একটা রিপোর্ট দিয়েছেন। মনে হয়, যে ইপিজেডের শেষ কথা। কেন? তাদের বিরুদ্ধে মামলাও করা যায় না। বলতে গেলে, এটা প্রধানমন্ত্রীর অফিসের আন্ডারে।’ইপিজেডের বর্জ্যের কারণে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পর্যন্ত পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, ৫ হাজার পরিবার ঘরছাড়া হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে এক লাখ লোকের। ইপিজেডের বর্জ্য লুকিয়ে রেখে ইপিজেডের বর্জ্যের যে টাকা চাঁদা তুলে রাজনীতিবিদ, ক্ষমতাশালীদের মধ্যে বণ্টন করে আর বর্জ্য প্রাকৃতিক খালে ছেড়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘ওই অঞ্চলে মাছ নাই, প্রাণী নাই, মৎস্যকুল নাই। এমনকি যেই প্রাণী মরে না, এটাও পানিতে আজকে নাই। পানিতে নামলে পা পচে যায়, কৃষিকাজ করতে পারে না। আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন।’নিজের বক্তব্যের পক্ষে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইপিজেডের বর্জ্য যেখানে ফেলা হয়, সেই খালের পাড়ে যদি কোনো লোক আধা ঘণ্টা অপেক্ষা করতে পারে, তাহলে সব কথা প্রত্যাহার করব। এই বিষাক্ত বর্জ্যের কারণেই দক্ষিণ থেকে শুরু করলে নোয়াখালী ব্লক ক্রস করে এখন সীমান্ত পর্যন্ত চলে গেছে। দুই বছর পরে যখন এই বিষ মেঘনায় যাবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে।’দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী প্রকল্পে অবিলম্বে বরাদ্দ দিয়ে পানি স্রোত বন্ধ করে এই বর্জ্যকে পরিহার করার জন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হলে এখানকার মানুষ, মৎস্যকুল, পানিকুল কিছুই বাঁচবে না। এই জন্য আমি আপনার হস্তক্ষেপ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি।’

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘গত ২০ বছর যা করেছে, তার সব জবাব আপনি দেবেন। জনাব তারেক রহমান, আমি দোয়া করি, করার কিছু নাই। এই কঠিন সময়ে কঠিন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। বিশেষ করে কুমিল্লা-নোয়াখালীর এই অঞ্চলে জড়িত। কিন্তু কেউ মনে হয় দেখেও দেখে না, শুনেও শোনে না, করেও করে না। এই চলতেছে।’তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রায় আছে আমাদের পক্ষে, পরিবেশ আদালতের রায় আছে আমাদের পক্ষে। কিন্তু বাস্তবায়ন করেনি। ইপিজেড ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চার বছর আগে আমি বলেছি, বিএনপি ক্ষমতায় গেলে করব। আমি কি বলব, এখন আমাকে শিখিয়ে দেন। উত্তেজনার জন্য ক্ষমা চাইছি। আশা করি, ব্যাপারটি আপনি দেখবেন। আমার সব তথ্য আছে, চাইলে আমি হাজির করতে পারব। এমনকি এ্যানি সাহেবও দিতে পারবেন। কারণ, তিনি একজন ভুক্তভোগী।’