রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন -স্থানীয় সরকার মন্ত্রী
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে এসে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। সে সময় কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে তিনি পতিসরে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন। এখানেই বসে তিনি রচনা করেছেন অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ।আজ শুক্রবার (৮ মে) সকালে ২৫ বৈশাখ উপলক্ষে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।মন্ত্রী বলেন, “আত্রাইয়ের মানুষ তাদের অধিকার আদায়ে নানা সংগ্রাম করেছে। কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষ ধানের ন্যায্যমূল্য চায়। সরকারও কৃষকের দাবির সঙ্গে একমত। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠা হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।”
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি এবং নওগাঁ-৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের এমপি এনামুল হক, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ঢালু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, উপ-পুলিশ মহাপরিদর্শক শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নুসহ অনেকে।রবীন্দ্র আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হারুন অর রশীদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠান চললেও স্থানীয়ভাবে আরও কয়েকদিন ধরে এ উৎসব চলবে। এ সময় পতিসরে কবিগুরুর ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা। স্থানীয়দের বাড়িতেও উৎসবের আমেজ বিরাজ করছে।উল্লেখ্য, নওগাঁ জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীরে গড়ে ওঠা নিভৃত পল্লী পতিসর কাচারিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। এরপর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত তিনি নিয়মিত এ কুঠিবাড়িতে আসতেন। সর্বশেষ তিনি এখানে আসেন ১৯৩৭ সালের ২৭ জুলাই। এখানেই বসে তিনি রচনা করেন বিখ্যাত কবিতা “আমাদের ছোট নদী”, “তালগাছ এক পায়ে দাঁড়িয়ে”, “দুই বিঘা জমি” এবং বিখ্যাত উপন্যাস “গোরা”সহ অসংখ্য সাহিত্যকর্ম।
