নিজ জন্মভূমিতে গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নারী এমপি রনি
নিজ জন্মভূমির মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনের নারী এমপি সুরাইয়া জেরিন রনি। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর গতকাল বিকেলে নিজ জন্মভূমি বগুড়ার গাবতলীর বাইগুনি গ্রামে পৌঁছালে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।এমপি সুরাইয়া জেরিন রনি গ্রামে পৌঁছে প্রথমে তার মা মরহুমা মনোয়ারা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় এমপি রনির বাবা-ভাইবোনসহ আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে বাইগুনি বালিকা বিদ্যালয় মাঠে স্থানীয় ‘লিজেন্ড অব বাইগুনি ইয়াং স্টার আদর্শ ক্লাব’-এর আয়োজনে এমপি সুরাইয়া জেরিন রনিকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি রনির বাবা নাফিজুর রহমান ফটূ, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লিমন, ক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মতিসহ স্থানীয় শত শত নারী-পুরুষ।এর আগে এমপি সুরাইয়া জেরিন রনি ঢাকা থেকে বগুড়ার বনানী মোড়ে পৌঁছালে শত শত মোটরসাইকেল ও মাইক্রোবাসের শোভাযাত্রার মাধ্যমে তাকে নিজ জন্মভূমিতে বরণ করে নেওয়া হয়।
