পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ সরকার ঘোষিত দেশব্যাপী মশাবাহিত রোগ প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া এলাকায় অবস্থিত ধ্বংসপ্রায় লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।জমিদার বাড়ির পরিত্যক্ত প্রাঙ্গণে জমে থাকা ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের মাধ্যমে মশা-মাছি এবং ক্ষতিকর কীটপতঙ্গের সম্ভাব্য আবাসস্থল ধ্বংসের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, জমিদার বংশের অষ্টম পুরুষ মোখলেছুর চৌধুরীসহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিডি ক্লিনের সদস্য, পাঁচবিবি পৌরসভার কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা।পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া ভগ্নদশার লকমা জমিদার বাড়ি ও সংলগ্ন মসজিদ পরিদর্শন করেন। এ সময় তিনি দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেন।
