Joy Jugantor | online newspaper

কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না-ডিআইজি মীর আশরাফ আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৫, ১০ নভেম্বর ২০২৬

কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না-ডিআইজি মীর আশরাফ আলী

কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না-ডিআইজি মীর আশরাফ আলী

কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না। এ ক্ষেত্রে পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে। সন্তানদের পারিবারিক শিক্ষা দিতে হবে, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও পুলিশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী।তিনি বলেন, কেউ পেটের দায়ে অপরাধে জড়ায়, আবার কেউ মাদকের নেশায় অপরাধ করে। অপরাধের পেছনে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বগুড়া জেলার প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র ২ হাজার ২০০ পুলিশ সদস্য কাজ করছেন। এত বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।ডিআইজি আরও বলেন, সাংবাদিক ও পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করলে সমাজের নানা অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সুসম্পর্ক এবং তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।সভায় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিবিআইয়ের পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডির পুলিশ সুপার মোতাহার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সবুর শাহ লোটাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।