Joy Jugantor | online newspaper

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ বেকারি মালিকরা সংকট মোকাবিলায় বগুড়ায় জরুরি সভা

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৪১, ৩১ আগস্ট ২০২৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ বেকারি মালিকরা সংকট মোকাবিলায় বগুড়ায় জরুরি সভা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ বেকারি মালিকরা সংকট মোকাবিলায় বগুড়ায় জরুরি সভা

বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের বেকারি মালিকরা। একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রেতাদের ক্রয়ক্ষমতা ও বাজার পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে পণ্যের দাম সমন্বয় করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বেকারি শিল্পের চলমান সংকট মোকাবিলা ও করণীয় নির্ধারণে বগুড়া ব্রেড-বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেকারি মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনায় নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বেকারি মালিকদের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আট টাকা মূল্যের সকল প্যাকেটজাত রুটির সর্বোচ্চ ওজন ৪৫ গ্রাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উৎপাদিত সব মিষ্টিজাতীয় আইটেমের সর্বোচ্চ ওজন ৫০০ গ্রাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক বেকারি প্রতিষ্ঠানের লাইসেন্স বেকারি মালিক সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী শনিবার থেকে কার্যকর করার জন্য সকল বেকারি মালিককে অনুরোধ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বেকারি শিল্পের ব্যবসায়ীরা চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাজারের বাস্তবতায় পণ্যের দাম সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শিল্পটি টিকিয়ে রাখতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সহযোগিতা প্রয়োজন।সভায় উপস্থিত ছিলেন বগুড়া ব্লেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সভাপতি হাসান আলী আলাল, সহ-সভাপতি বায়েজিদ শেখ, রেজাউল করিম, শফিউল ইসলাম রাফু, আলী আজম, সাধারণ সম্পাদক এড. ইমদাদুল হক ইমদাদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।