দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর থানার সেউজগাড়ি রেলকলোনি এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাগর (২৭) ওরফে কিশোর সাগর ওরফে নান্না সাগর এবং গাবতলী উপজেলার কৈঢোপ উত্তরপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে মাসুদ রানা (৩০)।গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের পদ্মপুকুর বধ্যভূমি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।থানা সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পদ্মপুকুর বধ্যভূমি এলাকায় ফাঁকা জায়গায় ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় থানা পুলিশের টহলদল বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো হাসুয়া, চাকু, কাটারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ১১টি চুরি মামলা ও ৪টি মাদক মামলা রয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।