মোকামতলায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে ইউএনওর সহযোগিতা চাইলেন জামায়াতের যুবনেতারা
বগুড়ার মোকামতলা উপজেলার সদর ইউনিয়নে যুবসমাজকে মাদকাসক্তি ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতারা। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা এ সহযোগিতা কামনা করেন।সাক্ষাৎকালে মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি এম ওয়ায়েজ কুরুনী বলেন, বর্তমান সময়ে যুবসমাজের একটি অংশ মাদকাসক্তি ও জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে।
তরুণদের এ পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ও জুয়া প্রতিরোধে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন।এ সময় মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সহসভাপতি শরিফুল ইসলাম, সেক্রেটারি ওমর ফারুক, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা ও সিয়াম মণ্ডল এবং প্রচার সম্পাদক হামিদুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাক্তার মাওলানা ফেরদৌস রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান মানিক, মোকামতলা পৌর জামায়াতের সভাপতি আলী মুর্তজা ও সেক্রেটারি শামসুজ্জোহা মিঠুসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
