Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা

দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. নূর ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেরাজুল ইসলাম হাসান মণ্ডল। সভা পরিচালনা করেন শিক্ষক শেখ সুফায়েত উদ্দিন সাজু ও রকিবুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলী, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, আব্দুল খালেক, সাবেক প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, সহকারী প্রধান শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহমেদ, জামায়াত নেতা আরিফুল হক, সোনালী ব্যাংক পিএলসি তালোড়া শাখার ব্যবস্থাপক মঞ্জুরুল আলম মিঠু, বিদ্যালয়ের শিক্ষক নজরুল বারী, শিক্ষিকা নূরুন্নাহার, শিক্ষার্থী উম্মে কুলসুম সালমা নাইস ও আয়েশা সিদ্দিকা প্রমুখ।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক নূর ইসলাম তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও আন্তরিকতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মানসহ অন্যান্য কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তাঁর শূন্যতা বিদ্যালয় পরিবার দীর্ঘদিন স্মরণ করবে।বিদায়ী প্রধান শিক্ষক নূর ইসলাম তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর হক আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার অর্পণ করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।