বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে ধ্যান পর্ব অনুষ্ঠিত
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে ‘শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য’ শীর্ষক ধ্যান পর্ব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে বগুড়া ওয়াইএমসিএ পল বেসরা অডিটোরিয়ামে আয়োজিত এ ধ্যান পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি বিশ্বনাথ জর্জ তিগ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বগুড়া ওয়াইএমসিএ'র নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। তিনি বলেন, শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথমে মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, ক্ষমাশীলতা ও সহমর্মিতার মধ্য দিয়েই আত্মার প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। তাই বিভাজন ও বিদ্বেষ পরিহার করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
পবিত্র বাইবেলের ইফিষীয় ৪:৩ পদ থেকে ‘শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য’ বিষয়ে বাণী প্রচার করেন এডভেন্টিস্টি চার্চের পালক মনোতোষ তুহিন মালাকার, চার্চ অব বাংলাদেশের পালক আন্দ্রিয় মল্লিক এবং বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর পালক গিলাবার্ট মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট বানার্ড তমাল মণ্ডল, ক্যাথলিক চার্চের সভাপতি এনজেলো পলামা, এডভেন্টিস্টি চার্চের পক্ষে শিক্ষিকা সূচনা হাসদা এবং বগুড়া ওয়াইএমসিএ'র সভাপতি মিস অর্পনা প্রামাণিক।বক্তারা বলেন, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের বিভেদ দূর করে মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা সম্ভব।অনুষ্ঠানে চঞ্চল জেংচাম, মুক্তা রোজারিও, রুমা রোজারিওসহ বগুড়া খ্রীষ্টিয় মণ্ডলীর নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
