উচলবাড়িয়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের উচলবাড়িয়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাদক ও জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমাবেশে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য গীতা পাঠ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচলবাড়িয়া দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর মোহাম্মদ (শহিদ), সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এবং সহকারী শিক্ষকবৃন্দ মোঃ মাহফুজার রহমান, মোঃ রেজাউল করিম, এ.আর.এম. রোকুনুজ্জামান, মোঃ আব্দুল আলীম, মোঃ রায়হানুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সেলিম হোসেন, মোঃ আব্দুল করিম, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ চামেলী খাতুন, মোছাঃ সামিমা আক্তার ও শিলা কর্মকার।এছাড়াও উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাছেদ প্রমাণিত, মোঃ ছানোয়ার হোসেন ছানাসহ বিদ্যালয়ের অন্যান্য কর্মচারী ও বিপুলসংখ্যক অভিভাবক।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কিশোর-কিশোরীদের মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার উপায় নিয়ে আলোচনা হয়। অভিভাবকরা মনে করেন, নিয়মিত এ ধরনের সমাবেশ আয়োজন করা হলে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তানদের পড়াশোনায় মনোযোগী করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সমাবেশের শেষ পর্যায়ে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
