মোকামতলায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিল জনতা
বগুড়ার মোকামতলায় চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েছেন মুকুল হোসেন ওরফে পুতুল(৪৭) নামের এক ব্যক্তি। পরে স্থানীয় লোকজন তার মাথা ন্যাড়া করে দেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে মোকামতলার বাদিয়াচড়া গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার মুকুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের দেবচন্ডি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মোকামতলার বাদিয়াচড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের বাড়িতে মুঠোফোন চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মুকুল।
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে আটকে রেখে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।খবর পেয়ে শনিবার সকাল সাতটার দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলী ঘটনাস্থলে গিয়ে মুকুলকে পুলিশি হেফাজতে নেন।মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আনছার আলী বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেই। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির নয়টি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।"পুলিশ জানায়, মুকুলের বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
