Joy Jugantor | online newspaper

রংপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে হোটেলে ওঠা ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে হোটেলে ওঠা ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে হোটেলে ওঠা ব্যক্তির মরদেহ উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে আবাসিক হোটেল থেকে সাইদুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার শঠিবাড়ী এলাকায় অবস্থিত ‘শঠিবাড়ী রেস্ট হাউজের’ একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সাইদুর রহমান ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভেটনা গ্রামের পেশকার আলীর ছেলে।হোটেল কর্তৃপক্ষ জানায়, নিহত সাইদুর রহমান নিজেকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে গত নভেম্বর থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন।

সর্বশেষ গত বুধবার দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্মচারীরা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। সেখানে তাকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান সাইদুর রহমান বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।পুলিশের ভাষ্য, ঘটনার পর পুলিশ নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার সন্তানরা জানান, সাইদুর রহমান গত ১৫ বছর ধরে এলাকায় থাকেন না এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা হোটেলের রুম থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড দেখে তার নাম, পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।