আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালায় আনা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।প্রতিমন্ত্রী আরও বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১২টার দিকে তিনদিনের সরকারি সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইলে আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে এটি তার প্রথম সফর। নান্দাইলে পৌঁছানোর পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও ফাতেমা জান্নাত। পরে তিনি চৌরাস্তায় অবস্থিত নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন। সেখানে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস দেন।প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। পরে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
