সিংড়ার নদীতে প্লাস্টিকের বক্সে মিললো ৫০ রাউন্ড পিস্তলের গুলি
নাটোরের সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স। বাক্সের মধ্যে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম পাওয়া যায়।ঘটনার সময় শিশুরা ছিলেন কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। মঙ্গলবার বিকাল ৩টার দিকে তারা বাড়ির পশ্চিম পাশে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরার সময় বক্সটি দেখতে পান। বাক্সটি খুলে তারা পিস্তলের গুলি, ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের ক্লিনিং রড ও দুটি ব্রাশ পায়। প্রতিটি গুলির পিছনে ইংরেজিতে লেখা ছিল “EEI 32 AUTENG”।
শিশুরা বিষয়টি বুঝতে না পারায় বক্সটি বাড়িতে নিয়ে আসে। পরে শিশুর মা মরিয়ম বেগম (৪০) বিষয়টি সিংড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্সসহ সব জিনিস উদ্ধার করে থানায় নিয়ে যায়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করেছে। তিনি বলেন, “এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এসব কোথা থেকে এসেছে এবং কারা রেখেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়রা জানান, নদীর পানি কমে যাওয়ায় শিশুরা মাছ ধরতে গিয়ে বক্সটি আবিষ্কার করে। বিষয়টি বুঝে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়েছে, যা গোটা এলাকায় সতর্কতা বাড়িয়েছে।
