নওগাঁয় আমন ধান কাটা-মাড়াই শুরু, উৎপাদন খরচ বাড়ায় দুশ্চিন্তায় কৃষক
নওগাঁয় শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াই। ফলন ভালো হলেও গত বছরের তুলনায় বেড়েছে উৎপাদন খরচ। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই মাঠের ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। তবে সরকার ৩৫ টাকা কেজি (১ হাজার ৪০০ টাকা মণ) দরে ধান কেনার ঘোষণা দিলেও তাতে সন্তুষ্ট নন কৃষকরা। বরং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে তাঁদের। অন্যদিকে সরকার নির্ধারিত ধান-চালের দাম নিয়ে দ্বিমত পোষণ করেছেন ব্যবসায়ীরাও।নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার টনের বেশি ধান উৎপাদনের আশা করা হচ্ছে।নওগাঁর বিভিন্ন মাঠে বাতাসে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। চারদিকে নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। অবিরত প্রান্তরে শস্যের দোলায় হাসি ফুটছে কৃষকের মুখে। মাঠে মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকের এই কর্মযজ্ঞে নীরব সঙ্গী হয়েছে প্রকৃতির আরেক উপাদান শালিক পাখি। সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের মাঠে দেখা যায়, ধান কাটার সঙ্গে সঙ্গেই কৃষকের পেছনে ঝাঁক বেঁধে জমিতে নামছে শালিকের দল।
সদ্য কাটা ধানের গোড়ায় লুকিয়ে থাকা পোকামাকড় ও ঝরে পড়া ধানের দানাই এখন তাদের প্রধান আহার। কৃষক আর পাখির এই মিতালি যেন আবহমান বাংলার এক চিরচেনা রূপ।কৃষকরা জানান, গত বছরের তুলনায় এ বছর ধানের আবাদে সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় বিঘাপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে। এ ছাড়া অনাবৃষ্টির কারণে সেচ খরচসহ বেড়েছে পরিশ্রম। সব মিলিয়ে বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে অন্তত ১৩ থেকে ১৪ হাজার টাকা। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় সরকার নির্ধারিত ১ হাজার ৪০০ টাকা মণ দরেও সন্তুষ্ট নন তাঁরা।সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের কৃষক কালাম হোসেন বলেন, ৫ বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধানের আবাদ করেছেন। চলতি মৌসুমের শুরু থেকেই অনাবৃষ্টি ছিল। চাষাবাদের সবকিছুর দাম বেশি হওয়ায় বিঘাপ্রতি ১৩ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ফলন হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ মণ। তবে সরকার নির্ধারিত দামে কৃষকদের সুবিধা হবে না। খোলা বাজারে অন্তত ১ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি করতে পারলে খরচ বাদে কিছুটা লাভ থাকবে।আরেক কৃষক দুলাল হোসেন বলেন, গত বছর ধানের দাম ছিল ৩৬ টাকা কেজি।
এ বছর সরকার ৩৫ টাকা কেজি (১ হাজার ৪০০ টাকা মণ) দরে ধানের দাম নির্ধারণ করেছে। কৃষি কার্ডধারী কৃষকের সংখ্যা কম। আবার যাঁদের কার্ড আছে, তাঁরাও খাদ্যগুদামে সিন্ডিকেটের কারণে ধান দিতে পারেন না। বাধ্য হয়ে খোলা বাজারে ধান বিক্রি করতে হয়। নগদ টাকা পাওয়ায় তা দিয়ে ধারদেনা পরিশোধ করতে হয়। খোলা বাজারে ধানের দাম বেশি হলে কৃষকরা কিছুটা সুবিধা পান।সরকারের নির্ধারিত ধান-চালের দাম নিয়ে দ্বিমত পোষণ করে নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, চলতি মৌসুমে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং অনাবৃষ্টির কারণে সেচ খরচ বেড়ে যাওয়ায় ধানের উৎপাদন খরচ বেড়েছে। গত মৌসুমে ধানের দাম ছিল ৩৬ টাকা। কিন্তু এবার সরকার ৩৫ টাকা নির্ধারণ করেছে।
দাম না কমিয়ে যদি ১ টাকা বাড়িয়ে ৩৭ টাকা নির্ধারণ করা হতো, তাহলে কৃষকদের জন্য সুবিধা হতো।চালের দাম নিয়ে তিনি বলেন, যেহেতু ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, এর বিপরীতে চালের উৎপাদন খরচ পড়ে ৫৩ টাকা। কিন্তু সরকার চালের দাম নির্ধারণ করেছে ৪৯ টাকা। সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করে তিনি বলেন, আগামীতে যেন ধান-চালের দাম সমন্বয় করা হয়। অন্যথায় ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, এ জেলা কৃষিতে সমৃদ্ধ। আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। খাদ্য উদ্বৃত্ত এ জেলায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় ধান সরবরাহ করা হবে।
