Joy Jugantor | online newspaper

সোনাতলায় পুলিশি হামলা ও গাড়ি ভাঙচুরের

প্রধান আসামি সুমনের আত্মসমর্পণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ১২ নভেম্বর ২০২৬

প্রধান আসামি সুমনের আত্মসমর্পণ

সোনাতলায় পুলিশি হামলা ও গাড়ি ভাঙচুরের প্রধান আসামি সুমনের আত্মসমর্পণ

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার করা আসামিকে ছিনিয়ে নেওয়া এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি এসএম গোলাম কবির সুমন আদালতে আত্মসমর্পণ করেছেন।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সাজা পরোয়ানাভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তারে অভিযান চালায় সোনাতলা থানা-পুলিশের দুটি দল। সুমন ওই গ্রামের আব্দুস সালামের ছেলে।অভিযানের একপর্যায়ে এসআই শিমুল কুমার দাস, এসআই মো. শাহীন আলম ও এএসআই মেহেদী হাসানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সুমন চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

পরে তাঁর আত্মীয়স্বজনসহ মামলায় নাম উল্লেখ করা ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সুমনকে ছিনিয়ে নেওয়া হয়।পরে পুলিশ সদস্যরা তাঁকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করলে হামলাকারীরা সরকারি পিকআপ ভ্যানে ভাঙচুর চালান। এতে গাড়িটির ক্ষয়ক্ষতি হয়। হামলায় এসআই শিমুল কুমার দাস, এসআই মো. শাহীন আলম, এএসআই মেহেদী হাসান, গাড়িচালক উত্তম চন্দ্র বর্মন এবং দফাদার গণেশ রবিদাস (৫২) আহত হন।

এ ঘটনায় এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। মামলাটির এক নম্বর আসামি হিসেবে উল্লেখিত এসএম গোলাম কবির সুমন অবশেষে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন।এদিকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর থেকে ফুলবাড়িয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর আতঙ্কে এলাকার অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।