Joy Jugantor | online newspaper

ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০২, ১৯ জানুয়ারি ২০২৬

ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার ছাত্রদলের

ইসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার ছাত্রদলের

পোস্টাল ব্যালটে অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এ তথ্য জানান।রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা আমাদের তিনটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত হয়েছি। তারা আমাদের অনুরোধ করেছে যেন আজকের মতো কর্মসূচি স্থগিত করি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাময়িকভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি।’ তিনি বলেন, ইসির পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ছাত্রদল।

ছাত্রদল সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে কিংবা নির্বাচন চলাকালীন সিদ্ধান্তে প্রভাব খাটাতে চায়, তাহলে ছাত্রদল কী করতে পারে, তা আমরা গত দুই দিনে দেখিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের হুমকি দেবেন না। আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা যা করার করেন, আমরা আমাদের কাজ করব।’রাকিবুল ইসলাম রাকিব জানান, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে।তিনি বলেন, ‘যে ষড়যন্ত্রকারীদের কারণে আমাদের দুই দিন ইসির সামনে অবস্থান করতে হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব। যদি আবারও কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আসে, তাহলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।’