মন্তব্য প্রত্যাহার করে সিইসিকে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি। নির্বাচন নিয়ে শঙ্কা নেই।প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ডাকসুর ভিপি বলেন, পুরো ছাত্র জনতার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জ্ঞাপন করে তাকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সাদিক কায়েম।তিনি বলেন, ‘আমরা নিন্দা জানাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার সে আজকে একটা মন্তব্য করেছে-ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা।
আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।’সাদিক কায়েম বলেন, ‘আমরা অনুরোধ করবো প্রধান নির্বাচন কমিশনারকে- আপনি দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করেন। এবং জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন।’এর আগে দুপুরে রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে যোগ দিয়ে শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
