বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।নিহত ফাহিম বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ঢালাই মিস্ত্রি ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল।
দেড় বছর আগে বোনের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হওয়ার পরও তনয় তাকে উত্ত্যক্ত করতে থাকে। ছয় মাস আগে ফাহিমের দুলাভাই সেতুকে তনয় ছুরিকাঘাত করলে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সেখানেও বখাটে তনয় ফাহিম ও তার আরেক ভাই শাহীনকে ছুরিকাঘাত করে। পরিবারের অভিযোগ, ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশ পরবর্তীতে আর কোনো ব্যবস্থা নেয়নি। শনিবার সকালে ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় বখাটে তনয় তাকে একা পেয়ে বুকে ও পিঠে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম বলেন, ‘অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
