সোনাতলায় ৫০ দিনে কুরআনের হাফেজ ১০ বছরের আব্দুর রহমান
বগুড়ার সোনাতলায় মেধার এক অনন্য ও বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছে ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থী আব্দুর রহমান। মাত্র ৫০ দিনে পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে। আব্দুর রহমান সোনাতলা পৌর এলাকার কানুপুর জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র এবং উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের মো. সাজু বেপারীর ছেলে। অবিশ্বাস্য কম সময়ে তার এই অসাধারণ কৃতিত্বে পুরো এলাকাজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
এই অসামান্য সাফল্য উদ্যাপনে শনিবার (১৭ জানুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক পাগড়ি প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সৈয়দ আহমেদ কলেজ মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এ টি এম জিন্নুর হক, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বি এবং ঢাকা পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মুফতী নুরুল আলম। এছাড়াও বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শামসুদ্দোহা, আল্লামা ইসমাইল সাহেব, বগুড়া জামিয়াতুর রশিদ মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী শফি কাসেমী, চকসুত্রাপুর মাদ্রাসার শিক্ষক আল্লামা মুফতী আনোয়ার শেখ এবং আল রিয়াদ হজ্ব গ্রুপের আলহাজ্ব মাওলানা রিয়াদ হাসানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ সময়ে একজন শিক্ষার্থীর কুরআন হিফজ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেখানে মাত্র ৫০ দিনে কুরআন মুখস্থ করা আল্লাহর বিশেষ রহমত ও আব্দুর রহমানের প্রখর মেধারই বহিঃপ্রকাশ। এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। মাহফিল শেষে শিশু হাফেজ আব্দুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
