পাবনায় নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ৯০ বছরের বৃদ্ধ
‘নয় বছর পর আইজক্যা ভোট দিবার আইছি। শরীলডা খারাপ বইলা নাতিরে কইছি, কোলে কইরা ভোট দিতে নিয়া যাতি। ভোটে এত লোক দেইখ্যা খুব ভালো লাগতিছে।’—ভোট দিতে এসে এভাবেই অনুভূতি প্রকাশ করেন পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের বাসিন্দা ৯০ বছর বয়সী গ্যাদা খন্দকার।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ১২৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে নিজের প্রতিক্রিয়া জানান গ্যাদা খন্দকার।দাদাকে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে আসা নাতি ফিরোজ আলী বলেন, ‘ভোটের দিন ভোট দিতে না এলে কেমন হয়? তাই সকাল সকাল দাদাকে নিয়ে এসেছি।
’ তিনি জানান, দীর্ঘ নয় বছর পর ভোট দিতে পেরে তার দাদা ভীষণ আনন্দিত।ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে গ্যাদা খন্দকার বলেন, বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সারাদিন যদি এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে, তবে তা খুবই ইতিবাচক হবে।কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. ইমান আলী জানান, কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে প্রায় ২৮ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
