গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়ীতে আগুন লেগে নগদ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।গতকাল রোববার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল বাকির ছেলে শাহ আলমের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে ওই বাড়ির ৩টি ঘরসহ ঘরে থাকা নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে বগুড়া জেলার সোনাতলা এবং গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দু’টি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ঘন্টাখানেক পর আগুন নেভাতে সক্ষম হয়।বাড়ির মালিক ব্যবসায়ী শাহ আলম বলেন, ঘরে রাখা নগদ ৩ লাখ টাকাসহ ঘরে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র অগ্নিকান্ডে পুড়ে গিয়ে তার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে ।সোনাতলা ফায়ার সার্ভিস ইনচার্জ আকরামুল হাসান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও নির্ধারণ করা যায়নি
বলেও তিনি জানান।
