ধুনটে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলে নিহত
বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে।নিহতরা হলেন রেবেকা খাতুন (৩৫) ও তার সাত বছর বয়সী ছেলে হুজাইফা । রেবেকা উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রেবেকা খাতুন তার ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত অটোভ্যানে করে পেঁচিবাড়ি এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে মা-ছেলে হঠাৎ ছিটকে সড়কে পড়ে যান।
ঠিক সেই মুহূর্তে ধুনটগামী দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই ট্রাক এসে তাদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান,বথুয়াবাড়ি সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে দুজনেই ঘটনাস্থলে নিহত হয়েছে।
