রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ওয়ার্ড এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত দুজন হলেন- রাজশাহীর বাগমারার মো. মিঠু (৩০) ও নাওগাঁর সাবিহা (৫৬)।
হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে মিঠুকে ভর্তি করেন স্বজনরা। তিনি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়। এছাড়া গত ৬ নভেম্বর ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সাবিহা। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।রামেক হাসপাতালে বর্তমানে ৪১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের পাঁচজন শিশু, ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
